খুলনা বিভাগ

তেল নিতে এসে যা ঘটল বাইকারদের সঙ্গে! পুলিশ কর্মকর্তার কাণ্ড ভাইরাল, অতঃপর…

ঝিনাইদহের কালীগঞ্জে তেল নেওয়ার সময় মোটরসাইকেল চালকদের মারধর ও অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরের আয়েশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এএসআই আব্দুল্লাহ আল মামুন হঠাৎ করেই লাইনে দাঁড়ানো কয়েকজন বাইক চালককে লাঠি দিয়ে মারধর শুরু করেন এবং তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি কয়েকটি মোটরসাইকেলও আঘাত করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তার এই আচরণের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এএসআই মামুনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

স্থানীয়দের দাবি, এর আগেও ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় এএসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি কেবল শৃঙ্খলা রক্ষার স্বার্থে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে একজন বাইকার অসাবধানতাবশত তার পায়ের উপর মোটরসাইকেল তুলে দিলে তিনি তাকে সরিয়ে দেন। তার দাবি, কাউকে লাঠিপেটা করার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এটি ভিডিওর কারণে, নাকি অন্য কোনো প্রশাসনিক কারণে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button