বিজেপি নেতার হঠাৎ বক্তব্যে তোলপাড়! বাংলাদেশের অখণ্ডতা নিয়ে কী বললেন তিনি?

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য কর্তৃক বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করার উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শমীক ভট্টাচার্য্যের এই মন্তব্য বাংলাদেশের অখণ্ডতা বিরোধী, যা আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী। তিনি মনে করেন, এই ধরনের উসকানিমূলক মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তকে প্রভাবিত করার একটি মারাত্মক প্রচেষ্টা।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই পরিস্থিতি সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করছে।
গোলাম পরওয়ার ভারতীয় নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে দ্বিধা করবে না। ভারতীয় রাজনৈতিক নেতৃত্বকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।
পরিশেষে, তিনি বিজেপি নেতার এই উগ্র মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি বিজিবি নেতার বক্তব্যের কড়া জবাব দেওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সব মূল্যে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের উপর দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।





