৫ দিন ধরে এমন হবে! দেশের যেসব অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়বে

রাজধানীসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। এই সময়ে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) দেশের প্রায় সব বিভাগে দু’এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী বুধবার (১ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এই টানা বৃষ্টিতে জনজীবনে কিছুটা দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।





