ঈদের ভিড় সামলাতে কোটি টাকার চাল, মন্ত্রী যা বললেন!

এবার ঈদে প্রায় দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছেড়েছেন। তারপরও যাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতের চেয়ে ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। যদিও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।
মন্ত্রী জানান, দুটি বড় দুর্ঘটনা ব্যতীত অতীতের মতো দীর্ঘ যানজট বা যানবাহনের অভাবে বাড়ি ফিরতে না পারার ভোগান্তি এবার কম ছিল। তিনি স্বীকার করেন, কিছু দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে। এই দুর্ঘটনার জন্য প্রাথমিক পর্যায়ে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন, রেলওয়ের দুজন গার্ডকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, দায়িত্বে অবহেলাকারী এক কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।
অপরদিকে, দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বাস কোম্পানিটির সব শাখার রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল করা হতে পারে।
বেসরকারি সংস্থার নিহতদের সংখ্যা নিয়ে মন্ত্রীর দ্বিমত রয়েছে। তিনি জানান, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সূত্রে সড়ক, নৌ ও রেলপথে সব মিলিয়ে ১৭০ জনের মতো নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৮৭ জন। যদিও কোনো মৃত্যুই কাম্য নয়, তবে এবারের ঈদে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ছিল এবং তা আগের চেয়ে কম হয়েছে বলে মন্ত্রী দাবি করেন। ভবিষ্যতে এটি আরও কমানোর জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে।





