প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল! গ্রাহকদের স্বস্তি নাকি নতুন ফাঁদ?

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে থাকা অসন্তোষ ও চাপা ক্ষোভ দূর হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিলো। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। বহু গ্রাহক বছরের পর বছর এই চার্জ দিয়ে আসছেন এবং প্রশ্ন তুলছেন, মিটারের প্রকৃত দাম উসুল হয়ে যাওয়ার পরও কেন অতিরিক্ত টাকা কাটা হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্যমতে, পূর্বের সময়ে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চায়।
এই সিদ্ধান্তে একদিকে যেমন গ্রাহকদের একটি বড় অভিযোগের নিষ্পত্তি হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার সরকারি প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। তবে, এই পরিবর্তন প্রান্তিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।





