অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

রাজধানীর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তা নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বেলা ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এসময় সিনিয়র আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও মোহাম্মদ অনীক আর হক সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।





