চাটমোহরে বিএনপি নেতার চাঞ্চল্যকর ঘোষণা: চাঁদাবাজি প্রমাণিত হলে আত্মহত্যা!

পাবনার চাটমোহরে এক বিএনপি নেতা চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে প্রকাশ্যে আত্মহত্যার ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। জানা গেছে, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন শনিবার রাতে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহরমখালি গ্রামের মাদক কারবারি হারুন অর রশীদ বিএনপি নেতা কাজী খোকনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তোলেন। শুক্রবার রাতে রেলবাজার এলাকায় হারুনকে শাসন করেন খোকন, এরপর আহত হারুন হাসপাতালে ভর্তি হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে কাজী খোকন তার কাছে চাঁদা দাবি করেছিল এবং না দেওয়ায় তাকে মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও করেছেন হারুন।
এর প্রতিবাদে কাজী খোকন সংবাদ সম্মেলনে জানান, তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং মাদক কারবারি হারুনের মাদক বিক্রির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, হারুন অন্য একজনের কাছ থেকে টাকা নিয়েও প্রতারণা করেছে এবং তিনি হারুনকে টাকা ফেরত দিতে বলেছিলেন। কাজী খোকন চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘চাঁদাবাজির সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো জায়গায় সম্পৃক্ততা থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আমি রাজনীতি তো দূরে থাকবো, আত্মহত্যা করবো।’ তিনি হারুনের মাদক ব্যবসার প্রমাণ চেয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যরা কাজী খোকনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।





