বড় ধাক্কা! সিঙ্গাপুরের বিপক্ষে এই দুই তারকা পাচ্ছে না বাংলাদেশ!

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে দলের জন্য দুঃসংবাদ, কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাকিব হোসেন ও তপু বর্মণ। হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে গোল করা রাকিবের অভাব নিঃসন্দেহে অনুভূত হবে।
বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন সিঙ্গাপুরে অনুশীলনের ফাঁকে জানিয়েছেন, “এবার রাকিব এবং তপু নেই। তারা থাকলে খুবই ভালো হতো।” এই দুই তারকাকে ছাড়াই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করার ব্যাপারে আশাবাদী মোরসালিন। তিনি বলেন, “আমরা এটাই চাই যে, ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি, সবাই প্রস্তুত যে, যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে, এটাই টার্গেট।”
প্রসঙ্গত, সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দল।





