রাষ্ট্রপতির আদেশ কি আইন? অ্যাটর্নি জেনারেল কি বললেন, জানলে অবাক হবেন!

আইন ও এখতিয়ারের প্রশ্নে ‘রাষ্ট্রপতির আদেশ’ নিয়ে চলছে গভীর বিভ্রান্তি। সম্প্রতি সংসদে দেওয়া এক মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘এই আদেশটা না অধ্যাদেশ, না আইন। মাঝামাঝি জিনিস।’। এই মন্তব্যের প্রেক্ষিতে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান আইনের সাংবিধানিক সংজ্ঞা তুলে ধরে বলেন, রাষ্ট্রপতির আদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী আইন।
বিষয়টি নিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল একটি কলামে লেখেন, ‘ব্যারিস্টার নাজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন। তাঁর যুক্তিতে, সংবিধানের ১৫২ অনুচ্ছেদে ‘আইন’-এর সংজ্ঞা অধ্যাদেশের পাশাপাশি আদেশও আইনের অন্তর্ভুক্ত বলে বলা হয়েছে। তাঁর এই ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’ অ্যাটর্নি জেনারেল স্বীকার করেছেন যে, ‘আদেশ’ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে তিনি মূল বিতর্ক হিসেবে দেখেছেন, রাষ্ট্রপতি বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে ‘আদেশ’ জারি করতে পারেন কিনা।
অন্যদিকে, ডেভিড বার্গম্যানের মতে, কোনো কিছু ‘আইন’ হিসেবে গণ্য হতে হলে তা সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, অথবা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের অধীনে তৈরি হতে হবে। সংবিধানে রাষ্ট্রপতিকে স্বতন্ত্রভাবে ‘আদেশ’ জারি করার কোনো ক্ষমতা প্রদান করা হয়নি।
এই বিতর্কের মধ্যে দুটি বিষয়কে আলাদাভাবে দেখার প্রয়োজন। প্রথমত, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ আইন। যতক্ষণ পর্যন্ত এটি আদালত কর্তৃক বাতিল বা স্থগিত না হচ্ছে, ততক্ষণ তা কার্যকর আইন (operative law)। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি এমন আদেশ জারির সাংবিধানিক এখতিয়ার রাখেন কিনা, সে প্রশ্নটি ভিন্ন। এই আদেশকে যদি রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত বলা হয়, তাহলে ১২তম সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এবং বর্তমান সংসদ ও সরকার গঠনের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।





