ঢাকার পথে মর্মান্তিক পরিণতি: ট্রেনে কাটা পড়ে নিভে গেল ৫টি প্রাণ!

টাঙ্গাইলের কালিহাতিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাদুল্লাপুরের নিজপাড়া গ্রামে নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন হামিদুজ্জামানের স্ত্রী নার্গিস আক্তার (৪২), তাদের ছোট ছেলে নিরব (১২), বড় ছেলে নাঈমের শাশুড়ি দোলা বেগম (৪৫), এবং প্রতিবেশী রিপা বেগম (২২) ও সুলতান মিয়া (৩২)।
ঘটনার বিবরণে জানা গেছে, তিনদিন আগে নার্গিস আক্তার তার বড় ছেলে নাঈমের বিয়ে দেন। শুক্রবার সকালে ছোট ছেলে নিরব, বড় ছেলের শাশুড়ি দোলা বেগম সহ ঢাকার পোশাক কারখানায় কাজের উদ্দেশ্যে রওনা হন। তাদের সঙ্গে ছিলেন প্রতিবেশী সুলতান ও রিপা। পথে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় তাদের বহনকারী বাসের তেল ফুরিয়ে গেলে চালক ও সহকারী তেল আনতে যায়। এসময় বাসে থাকা ওই পাঁচজন বাস থেকে নেমে রেললাইনের ধারে বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন এসে পড়লে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই স্বজনরা টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী যোহরের নামাজের পর জানাজা শেষে তাদের একই কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





