শ্রমিক দল নেতার প্রকাশ্য ‘বিদ্রোহ’! আ.লীগ নেতাকে দেখতে চাওয়ায় যা হলো

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের শ্রমিক দল নেতা জাহিদুল ইসলাম অপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শনিবার (২৮ মার্চ) এই শোকজ নোটিশ প্রদান করা হয়। সংগঠনের নীতি ও আদর্শবিরোধী এই কাজের জন্য তাকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত নোটিশে অপুকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





