রংপুর বিভাগ

গোয়ালঘরে মিলল বিএনপির নেতার পেট্রোলের ড্রাম, যা ঘটল তারপর!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের ওপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এই পেট্রোল মজুত ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে তার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল ও বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করে। পরে অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত পরিবারের ওপর জরিমানা আরোপ করা হয়।

তবে অভিযুক্ত এরশাদুল হকের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তার ভাই হারুন অর রশিদ দাবি করেন, ‘নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্যই কিছু পেট্রোল ড্রামে রাখা হয়েছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় পরিবারের ওপর জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি পেট্রোলের ড্রাম ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button