পুলিশ দেখে ডোবায় ঝাঁপ, ৬ ঘণ্টা পর চাঞ্চল্যকর রামদাসহ এই মাদক সম্রাটের যা হলো!

চট্টগ্রামের হালিশহরে পুলিশের হাত থেকে বাঁচতে কাদায় ঝাঁপ দেওয়া এক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। মো. রুবেল নামে এই ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি ডোবা থেকে উঠে আসার পর পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে গেলে সে দৌড়ে একটি ভবনের উপর থেকে পাশের ডোবায় ঝাঁপ দেয়। একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি রামদা নিয়ে এসে রুবেলের হাতে দেয়। এরপর রুবেল রামদা দিয়ে আত্মহত্যা ও পুলিশকে আঘাতের হুমকি দেয়। সন্ধ্যা পর্যন্ত পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে রুবেল ডোবার কাদায় আটকে ছিল। পরবর্তীতে পুলিশ কৌশলে রুবেলকে ডোবা থেকে বের করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, রুবেলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, মারধরসহ ১৪টি মামলা রয়েছে। সম্প্রতি নারীদের ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





