মাদকের টাকায় তাবলিগে চিল্লায় মাদক কারবারি! এমপি’র কঠোর পদক্ষেপে যা ঘটল…

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদক কারবারিকে সংশোধনের জন্য ৪০ দিনের তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ‘মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার’ গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্ত মঞ্জুর হোসেন (৩৮) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। এর আগেও দুইবার কারাবরণ করলেও জামিনে বেরিয়ে এসে তিনি আবারও একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গত শুক্রবার রাতে মাদক ব্যবসায় অতিষ্ঠ এলাকাবাসী মঞ্জুরের বাড়ি ঘেরাও করলে বিষয়টি সংসদ সদস্যের নজরে আসে। পরে তার ভাই রাকিবুল ইসলাম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সংসদ সদস্যের পক্ষ থেকে মঞ্জুরকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে ৪০ দিনের তাবলিগের চিল্লায় পাঠানো হয়, যাতে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।” চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।”





