চলতি রমজানে রোজা ভেঙেছেন? কাফফারা আদায় নিয়ে জানেন কি এই তথ্য?

রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের বিশেষ মাস। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবানদের জন্য রোজা রাখা ফরজ। তবে অসুস্থতা বা সফরের মতো জরুরি কারণে রোজা ভাঙলেও পরবর্তীতে তা কাজা করে নেওয়া যায়। কিন্তু যদি কেউ কোনো শরঈ কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন, তবে তাকে রোজা কাজা করার পাশাপাশি কাফফারাও আদায় করতে হয়।
এই কাফফারা আদায়ের একটি প্রচলিত নিয়ম হলো, একটানা ৬০ দিন রোজা রাখা। যদি এই ৬০ দিন রোজা রাখার মাঝে কোনো একদিনও রোজা ভেঙে যায়, তবে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে।
যারা একটানা ৬০ দিন রোজা রাখতে অক্ষম, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে ৬০ জন অভাবী মানুষকে দুই বেলা পেট ভরে খাওয়ানো অথবা প্রত্যেককে দুই বেলার খাবারের সমমূল্যের অর্থ দান করতে হবে। সদকায়ে ফিতরের পরিমাণ অনুযায়ী এই অর্থের হিসাব করা হয়। এ বছর সর্বনিম্ন সদকায়ে ফিতরের পরিমাণ ১১০ টাকা ধরে, একজনের দুই বেলার খাবারের মূল্য ধরা হয় ২২০ টাকা। সেই অনুযায়ী, ৬০ জন ব্যক্তির জন্য মোট ৬৫০০ টাকা দান করলে কাফফারা আদায় হয়ে যাবে।
রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। কোনো কারণে রোজা রাখতে না পারলে বা ভেঙে ফেললে, যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাজা ও কাফফারা আদায় করা উচিত।





