চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য, মাথায় ও বুকে গুরুতর আঘাত!

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে জিআরপি পুলিশ সদস্য সোহেল রানা (৪০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে তিনি ছিটকে পড়েন। ঘটনার সময় তিনি ট্রেন দরজার হ্যান্ডেল ধরে ঝুলছিলেন বলে জানা যায়।
পুলিশ সদস্য সোহেল রানার বাড়ি দিনাজপুর জেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনের ২ নং লাইন দিয়ে যাওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন। স্টেশন মাস্টার এবং অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক জানান, রোগীর মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ট্রেনটি মুলাডুলি স্টেশনে একটি অনির্ধারিত যাত্রা বিরতি নিয়েছিল। সেখানে নেমে স্টেশনে হাঁটাচলার পর ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। তবে দরজা বন্ধ থাকায় হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। চাটমোহরে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার ঘটনা ঘটে।





