মাত্র ৫০ টাকা বকেয়া নিয়ে ইউপি সদস্যের সামনেই কিশোর চালককে পিটিয়ে হত্যা!

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাত্র ৫০ টাকা অটোরিকশা চার্জের বকেয়া নিয়ে এক কিশোর চালককে বেধড়ক মারধর করা হয়েছে। নির্যাতনকারীদের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে।
গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন (১৬) দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। সে ৮-৯ বছর ধরে জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে ভাড়া থাকত। ঘটনার রাতে অটোরিকশা চার্জ দেওয়ার পর ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠে। তারা জিআই পাইপ, মুগুর ও সুপার গাছের কঞ্চি দিয়ে কিশোরটি উপর বেধড়ক মারধর করে। স্থানীয় ইউপি সদস্যের বারণ সত্ত্বেও তারা নির্যাতন চালায়।
গুরুতর আহত অবস্থায় ইমরানকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সাথে লড়াই করার পর শুক্রবার সকালে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জাকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।





