৭ দফা কমার পর হঠাৎ স্বর্ণের দাম বৃদ্ধি! সাধারণ মানুষ কি পারবে কিনতে?

দেশের বাজারে টানা সাত দফা কমার পর স্বর্ণের দামে বড় পরিবর্তন এসেছে। অবশেষে আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। নতুন এ দাম শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠক শেষে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।
তবে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা।





