একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু! শেষ মুহূর্তে যা ঘটেছিল ট্রেনের সামনে

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক এক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকায়। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন নিহতরা। তাদের মধ্যে ছিলেন হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)।
দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের পাশে বসে থাকার সময় দ্রুতগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রেললাইনে বসেন। এ সময় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের দাফনের প্রস্তুতি চলছিল।





