মধ্যপ্রাচ্যে যুদ্ধের এক মাস: নিহত হাজার হাজার, কোথায় থামবে এই ধ্বংসযজ্ঞ?

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধ আজ এক মাস পূর্ণ করল। মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বাড়িঘর ধ্বংস এবং অসংখ্য পরিবার হয়েছে গৃহহীন। জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর স্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন, এবং দুঃখজনকভাবে অনেক উদ্ধারকর্মী তাদের পরিবারের সদস্যদের লাশও শনাক্ত করেছেন।
যুদ্ধ শুধুমাত্র ইরানেই সীমাবদ্ধ থাকেনি, বরং উপসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে নিহত ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯০০ জনে। ইরানের প্রতিবেশী লেবাননে ইসরাইলের হামলায় ২ মার্চ থেকে ১,১৪২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২২ জন শিশু। এছাড়া, ৩,৩১৪ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরাকজুড়ে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন, এবং ইরাকের কুর্দিস্তানে নিহত হয়েছেন ১৩ জন। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, দক্ষিণ লেবাননে চারজন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।





