বুশেহর পরমাণু কেন্দ্রে আঘাত! ইরান যা জানাল, বিশ্বে তোলপাড়

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির কাছে হওয়া এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর আগ্রাসনেরই অংশ। যদিও দাবি করা হচ্ছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিদ্যুৎকেন্দ্রটিরও কোনো ক্ষতি হয়নি, তবুও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএএইএ) পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আরও জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যরত রিয়্যাক্টরে কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। তবে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএএইএ) জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো বুশেহর এলাকার কাছাকাছি হামলার ঘটনা। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল এম গ্রোসি পারমাণবিক স্থাপনার আশপাশে সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরির সতর্কতা জারি করেছেন। তিনি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।





