ইরান যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী! মাস নয়, সপ্তাহেই শেষ?

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ যুদ্ধের সমাপ্তি ‘মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই’ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও জানিয়েছেন, এ যুদ্ধের জন্য স্থলবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন হবে না। ফ্রান্সের জি৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও এই মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কোনো স্থল সেনা ছাড়াই তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখা একটি “তাৎক্ষণিক চ্যালেঞ্জ” হতে পারে এবং এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে। রুবিও মন্তব্য করেন, ইরান যদি প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে সেটি হবে অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ। তিনি মনে করেন, “বিশ্বের উচিত এ বিষয়ে আগাম পরিকল্পনা করা।”
তিনি আরো জানান, ইরান ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালু করতে পারে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে ইরানের সংসদ এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এদিকে, ইরান সংক্রান্ত আলোচনায় কাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলবে, সে বিষয়ে এখনো আরো স্পষ্টীকরণের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন।





