মহান স্বাধীনতা দিবস উদযাপন: কুন্ডা একাডেমি কি লুকিয়ে রাখছে নতুন কোনো চমক?

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা আইডিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের দুদিনব্যাপী আয়োজনে মুখরিত ছিল পুরো এলাকা। গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পূর্ণমিলনী, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটে। অনুষ্ঠানে কুন্ডা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রোকন উদ্দিন ভূইঁয়া শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুষম ও উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শুধু বইয়ের জ্ঞান নয়, সামগ্রিক শিক্ষাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।’ একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইঁয়া, কুন্ডা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





