শেষ মুহূর্তে যা ঘটল মমতার বিমানে… ছড়াল তীব্র আতঙ্ক!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী একটি বিমান নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে বাধ্য হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার সেরে বর্ধমান ও বীরভূমের জনসভা থেকে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবরাজপুরের অন্ডাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৩টা ৩৯ মিনিটে তার ছোট প্রাইভেট জেট কলকাতার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল ৪টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও, সেসময় দমদমে ব্যাপক ঝড়-বৃষ্টি ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ অবতরণের অনুমতি দেয়নি।
অনুমতির অপেক্ষায় প্রায় আধা ঘণ্টা বিমানটি দমদম বিমানবন্দরের আকাশে চক্কর কাটে। এরপর এটি বেহালার দিকে ঘুরে গিয়ে বেহালা ফ্লাইং ক্লাবে পরপর তিনবার অবতরণের চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। পরে বিমানটি আবার দমদম বিমানবন্দরের দিকে ফিরে আসে এবং স্থানীয় সময় ৫টা ১৯ মিনিটে অবশেষে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই পুরো সময়টিতে বিমানটি প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটেছে।
এই দীর্ঘ বিলম্বের কারণে মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। পর্যাপ্ত জ্বালানি আছে কিনা বা বিমানটি কতক্ষণ আকাশে থাকতে পারবে, তা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। সেসময় বিমানটি অন্ডালে ফিরে যাবে নাকি অন্য কোনো বিমানবন্দরে অবতরণ করবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য না করে সরাসরি বাড়ি ফিরে যান।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী ফ্লাইট রেডার ২৪ ডট কমের তথ্য অনুযায়ী, এই দেড় ঘণ্টায় মুখ্যমন্ত্রীর বিমানের উচ্চতা কখনও কমেছে, কখনও বেড়েছে এবং একাধিকবার এটি দমদমের দিকে ফিরে আসার আগে দক্ষিণের দিকে সরে গেছে। এই আকস্মিক বিমান বিভ্রাট পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণার আবহে জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





