যুদ্ধ থামাতে গোপন বৈঠক? ওয়াশিংটনে যা ঘটল… বিশ্বজুড়ে তোলপাড়!

কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য এবং রাশিয়ার আইনপ্রণেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ক্রেমলিন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্লোরিডার একজন প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন কংগ্রেস সদস্য আনা পাওলিনা লুনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, রাশিয়ার পার্লামেন্টের (ডুমা) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে শান্তি প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। লুনা আরও বলেন, বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তি হিসেবে নাগরিকদের প্রতি আমাদের দায়িত্ব হলো উন্মুক্ত সংলাপ এবং যোগাযোগের পথ খোলা রাখা। রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ মাস আগে ক্ষমতায় ফেরার পর কয়েক দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি, কারণ ক্রেমলিন ইউক্রেনে তাদের অভিযান বন্ধ করার জন্য কোনো ছাড় দিতে রাজি নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের ‘প্রধান নির্দেশনা’ নির্ধারণ করেছেন এবং বৈঠকের পর তাকে বিস্তারিত জানানো হবে। যদিও এই উদ্যোগকে সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশের অবস্থানের অনমনীয়তা বড় চ্যালেঞ্জ হয়ে আছে।





