চট্টগ্রাম বিভাগ

নিজের ছেলেদের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু? এলাকায় আতঙ্ক!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা দরগাহপাড়ায় দুই ছেলের মারধরে নুরুল হুদা (৭০) নামের এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যা এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, নুরুল হুদার সঙ্গে তার দুই ছেলে এবং তাদের স্ত্রীদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় টাকার লেনদেন নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে, এ সময় ছেলেরা এবং তাদের স্ত্রীরা মিলে নুরুল হুদাকে মারধর করে। ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান বলে স্বজনরা জানান। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের অপর ছেলে মাহবুব আলম এবং কন্যা মুরশিদা আক্তার অভিযোগ করেছেন, তাদের দুই ভাই শফি আলম ও আবুল কালাম এবং তাদের স্ত্রীরা কিল-ঘুষি মেরে তাদের বৃদ্ধ বাবার মৃত্যু ঘটিয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত কাউকে হেফাজতে না নেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপর প্রতিবেশীরা অভিযুক্তদের আটকে রাখলেও পুলিশ এসে তাদের উদ্ধার করে। এমনকি অভিযুক্ত এক ছেলের হাতে রক্তাক্ত ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেলেও পুলিশ কাউকে আটক করেনি। পাশাপাশি একটি চক্র ঘটনাটিকে স্ট্রোকজনিত মৃত্যু বলে প্রচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদা জানিয়েছেন, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button