মহাসড়কে চালকের বুদ্ধিমত্তা: বাঁচলো বৃদ্ধ, রক্ষা পেলো অর্ধশতাধিক যাত্রী

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদের কিনারে চলে যায়। একজন বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসটির অর্ধশতাধিক যাত্রী।
জানা যায়, নিউ শুকতারা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলো। আলেখারচর বিশ্বরোড এলাকায় পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ রাস্তা পার হতে গেলে চালক তাকে বাঁচাতে দ্রুত বাম দিকে মোড় নেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের একদম কিনারে চলে যায়। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাসের যাত্রী সুজন মিয়া জানান, “একটি প্রাইভেট কার ও বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদের কিনারে চলে যায়। আর একটু সামনে গেলেই অনেক হতাহতের ঘটনা ঘটতো।” শুকতারা বাসের হেল্পার ইসলাম উদ্দিনও চালকের দক্ষতার প্রশংসা করে বলেন, “আলেখারচর বিশ্বরোড এলাকায় আমাদের বাসের গতি কিছুটা কম ছিল। আমি বারবার চিৎকার করেও বৃদ্ধকে সরাতে পারিনি। চালকের বিচক্ষণতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।”
চালক ইউসুফ আলী বলেন, “এক বৃদ্ধকে বাঁচাতে আমাকে বাম পাশে ইউটার্ন নিতে হয়েছে। গাড়ির গতি অনেক কম ছিল, তাই যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি।”
ঘটনার পরপরই কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন জানান, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালকের বিচক্ষণতা এবং সময়োপযোগী সিদ্ধান্তেই একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্ধশতাধিক প্রাণ, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।





