জাতীয়

বিপর্যয়কর অবস্থায় ঢাকার বাতাস, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে লাখো নগরবাসী

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে যখন বায়ুদূষণ বাড়ছে, তখন রাজধানী ঢাকার বায়ুমান আবারও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩২২ রেকর্ড করা হয়েছে, যা ‘বিপর্যয়কর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে বিবেচিত। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এই একিউআই স্কোর দেখা যায়। একই সময়ে কেবল পাকিস্তানের লাহোর ৪০৪ স্কোর নিয়ে ঢাকার চেয়ে বেশি দূষিত ছিল। অন্যদিকে, ভারতের কলকাতা ২১২ স্কোর নিয়ে তৃতীয় এবং দিল্লির স্কোর ২০৮। কাতারের দোহা ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এই তিন শহরের বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একিউআই স্কোর অনুযায়ী, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপর্যয়কর’ ধরা হয়। বর্তমান ৩২২ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস নগরবাসীর জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে যারা সকালে হাঁটতে বের হন অথবা কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় নামেন, তাদের শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বিষাক্ত ক্ষুদ্র কণা ফুসফুসে প্রবেশ করার ঝুঁকি তৈরি হয়েছে। শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য এটি আরও মারাত্মক পরিস্থিতি।

পরিবেশবিদরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং চারপাশের ইটভাটার দূষণ ঢাকার বাতাসকে এমন বিষাক্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ঢাকার বায়ুমান উন্নয়নে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সামনের দিনগুলোতে দূষণের এই রেকর্ড আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং তারা দ্রুত একটি কার্যকর সমাধানের অপেক্ষায়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button