সীমান্তে কোটি টাকার কসমেটিকস জব্দ: পাচারে নতুন ছক!

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীরা ধানের তুষভর্তি বস্তার আড়ালে অত্যন্ত সুকৌশলে এসব পণ্য লুকানোর চেষ্টা করেছিল।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দেখা যায়, ট্রাকটিতে ধানের তুষভর্তি বস্তার ভেতরে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস অত্যন্ত নিপুণভাবে লুকিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে ট্রাকটির ভেতর থেকে সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়, যা পাচারকারীদের উন্নত প্রযুক্তির ব্যবহারের ইঙ্গিত দেয়।
জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই দিনে ভোরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচও জব্দ করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষ মনে করছেন, সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর অবস্থান চোরাচালানকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা।




