বিচ্ছেদ বিতর্কে মুখ খুললেন বিজয়; তৃষার সঙ্গে প্রকাশ্যে!

জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয় সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা বিতর্কের মাঝে মুখ খুলেছেন। এর আগে চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে একই গাড়িতে তাকে প্রকাশ্যে দেখা যায়। বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিগম গত ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর এই প্রথম বিজয় ও তৃষাকে একসঙ্গে জনসমক্ষে দেখা গেলো।
দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে সংগীতার সঙ্গে বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয় গত দুই বছর ধরে। সংগীতা আদালতে বিজয়ের বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতা, অবহেলা এবং পরকীয়ার অভিযোগ এনেছেন। আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে, থালাপতি বিজয় সংগীতাকে ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।
নারী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে থালাপতি বিজয় তার ব্যক্তিগত জীবনের সংকট প্রসঙ্গে বলেন, “আমাকে নিয়ে যেসব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।”
বিজয়ের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার প্রতি ক্ষোভ প্রকাশ করে তাকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে তার প্রতি সমবেদনা জানিয়েছেন। এই বিতর্কের মধ্যেই সংগীতা আদালতের শরণাপন্ন হয়ে শ্বশুরবাড়িতে থাকার অধিকার চেয়েছেন।
সিনেমাবোদ্ধারা মনে করছেন, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের এই প্রকাশ্যে আসা এবং বিবাহবিচ্ছেদের বিতর্ক তার রাজনৈতিক জীবনে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে থালাপতি বিজয় তার টিভিকে পার্টির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ সিনেমায় বিজয় ও তৃষার জুটি ফেরার পর থেকেই তাদের পর্দার বাইরের রসায়ন নিয়ে গুঞ্জন শুরু হয়।
এই জটিল পরিস্থিতি থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এবং তার নতুন রাজনৈতিক পথচলায় কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। ভক্ত এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা গোটা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন।





