হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার মূল দুই আসামি, স্বীকারোক্তি!

জুলাই আন্দোলনের মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যার বাড়ি পটুয়াখালী, এবং আলমগীর হোসেন (৩৪), যার বাড়ি ঢাকায়। রোববার বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে নতুন গতি এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করে ছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এসটিএফ সূত্রে খবর, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই ওসমান হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন এবং সবশেষে বনগাঁয় আত্মগোপন করেছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা এই দুই অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করতে চান, যাতে হত্যাকাণ্ডের পেছনের সম্পূর্ণ রহস্য উদঘাটন করা যায়। এই গ্রেপ্তারের ফলে ওসমান হাদি হত্যা মামলার জট দ্রুত খুলে যাবে বলে সংশ্লিষ্ট মহল এবং সাধারণ মানুষ আশাবাদী।





