ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: প্রতারণার ফাঁদে শত শত মানুষ!

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
রোববার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন। তিনি জানান, সম্প্রতি ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে, যা ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে।
প্রচারিত এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন জানিয়ে নিজাম উদ্দিন বলেন, এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই। ফাউন্ডেশনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি কেবলমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়। একটি অসাধু প্রতারক চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করছে। এর ফলে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণকে এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। অসাবধানতার কারণে যে কোনো আর্থিক ক্ষতির দায়ভার ফাউন্ডেশন বহন করবে না বলেও জানানো হয়।





