বিনোদন

ব্রেইন টিউমার জয় করে ফিরছেন তানিয়া বৃষ্টি, জন্মদিনে ভক্তদের অপেক্ষা

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির আজ জন্মদিন। বেশ কিছুদিন আগে ঢাকার একটি হাসপাতালে সফলভাবে তার ব্রেইন টিউমারের অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তিনি ঢাকার উত্তরার নিজ বাসভবনে পূর্ণ বিশ্রামে রয়েছেন। সম্প্রতি সেলাই খোলার জন্য হাসপাতালে গিয়ে ডাক্তার ও নার্সদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

দেশের নাট্যাঙ্গনে গত কয়েক বছর ধরে তানিয়া বৃষ্টি তার চ্যালেঞ্জিং অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন। আগামী ঈদে প্রচারের জন্য বেশ কিছু নাটকের কাজও তিনি শেষ করেছিলেন। তবে হঠাৎ অসুস্থতা অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসায় কালক্ষেপণ না করে পরিবারের উদ্যোগে দ্রুত তার অপারেশনের ব্যবস্থা করা হয়। বৃষ্টির এই অসুস্থতার সময় তার পরিচালক, সহশিল্পী, প্রযোজকসহ অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন।

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “আল্লাহর অশেষ রহমতে এবং দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তারের পরামর্শে আপাতত বাসাতেই পূর্ণ বিশ্রামে রয়েছি। আমার অনেক সহকর্মী বিভিন্ন মাধ্যমে আমার খোঁজ খবর নিচ্ছেন। এই মুহূর্তে তাদের রিপ্লাই দিতে না পারলেও তাদের ভালোবাসা, স্নেহ, মায়া আমি প্রতি মুহূর্তে অনুভব করছি। সবাই আমাকে এত ভালোবাসে, এত অনুভব করে, তা যেন নতুন করে জানা হলো।” তিনি আরও বলেন, “সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন। আমি যেন আবারও সুস্থভাবে কর্মক্ষেত্রে ফিরতে পারি।”

একটি রিয়েলিটি শোর মাধ্যমে এক যুগেরও বেশি আগে মিডিয়াতে তানিয়া বৃষ্টির অভিষেক হয়। অভিনয়কে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই শিল্পী। বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ তাকে রায়হান খানের ‘ট্রাইবুনাল’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এছাড়া, সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’ ও ‘ছোবল’ নাটকে তার অভিনয় দর্শক মহলে ভীষণ প্রশংসিত হয়েছে। তার সুস্থ হয়ে আবারও পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button