মার্কিন-ইসরায়েলি হামলা: বাংলাদেশের স্পষ্ট নিন্দা চায় ইরান

ইরানের ওপর চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট ও সরাসরি নিন্দা প্রত্যাশা করছে তেহরান। সম্প্রতি ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি এই প্রত্যাশার কথা জানান।
রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য হিসেবে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উচিত আগ্রাসী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদ জানানো। ইরান কোনো দেশের কাছ থেকে সামরিক সহযোগিতা বা লজিস্টিক সমর্থন চায় না, বরং একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলোর সহানুভূতি ও নৈতিক সমর্থন কামনা করে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানান, তার দেশ যেকোনো আগ্রাসন মোকাবিলায় দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। ইরানের কাছে পর্যাপ্ত ড্রোন, মিসাইল এবং প্রয়োজনীয় আধুনিক সামরিক শক্তি রয়েছে। তার দেশ আত্মনির্ভরশীল এবং অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাহায্য তাদের প্রয়োজন নেই। ইরানের সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত সতর্ক এবং বিদেশি শক্তিগুলো ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলেও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং নিয়মিত সেনাবাহিনী শত্রুর যেকোনো পদক্ষেপ নস্যাৎ করে দিতে প্রস্তুত। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না এবং শত্রুপক্ষকে তাদের প্রতিটি আঘাতের জন্য চরম মূল্য দিতে হবে।
ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে রাষ্ট্রদূত আশ্বস্ত করে বলেন, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কত সংখ্যক বাংলাদেশি সেখানে আছেন, তার সঠিক পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি নিশ্চিত করেন, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। রাষ্ট্রদূত জাহানাবাদী আরও জানান, ইরান তার দেশে অবস্থানরত ইরানি বা বিদেশি—সব নাগরিকের সুরক্ষায় সমানভাবে পদক্ষেপ নিচ্ছে।
উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।
মধ্যপ্রাচ্যে যখন পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ, তখন বাংলাদেশের কূটনৈতিক মহল এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়, তার দিকে নজর রাখছে সবাই। সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সরকারি অবস্থানের দিকে।





