লেবাননে ইসরায়েলি হামলায় নিহত-আহত বহু, বাড়ছে উদ্বেগ

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। দেশটির বৈরুতসহ বিভিন্ন স্থানে রাতভর এই হামলা চালানো হয়। তবে হামলার মূল লক্ষ্য কী ছিল, তা এখনও নিশ্চিত করেনি ইসরায়েল। এই হামলা লেবাননের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
লেবাননের বৈরুত শহরের একটি হোটেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তাৎক্ষণিক হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও, অন্যান্য স্থানে হামলার ফলে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, আরামুনে একটি আবাসিক ভবন এবং সাদিয়াত নামে একটি গ্রামে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
এছাড়াও, সিরীয় সীমান্তের কাছে বালবেক শহরের একটি আবাসিক ভবনে হামলায় আরও ৪ জন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল রাতভর লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল এখনও তাদের হামলার সুনির্দিষ্ট কারণ জানায়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। লেবাননের সাধারণ মানুষ এখন হামলার পুনরাবৃত্তি এবং নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।





