মোহাম্মদপুরে কার ওয়ার্কশপে আগুন: দগ্ধ ৮, আশঙ্কায় শিশুসহ ২

রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির ওয়ার্কশপে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ওয়ার্কশপের মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুসহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ‘মনা মটরস সার্ভিসিং সেন্টারে’ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে রাখা একটি প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। প্রতিবেশী আরমান ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- ওয়ার্কশপের মালিক মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) এবং ইরফান (১১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জনতা টাইমসকে জানান, হাসপাতালে মোট আটজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে ওয়ার্কশপের মালিক মো. মনা এবং কর্মচারী ইরফান (১১) নামে দু’জনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি ছয় জনের শরীরের এক থেকে পাঁচ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনা গাড়ির ওয়ার্কশপগুলোতে গ্যাসের সিলিন্ডার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে। ভর্তি হওয়া দু’জনের সুস্থতার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনরা।





